
অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো। জানা গেল এবারের ব্যালন ডি'অর জয়ীর নাম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে।
সোমবার (২২ সেপ্টেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের ব্যালন ডি'অর পুরস্কার বিজয়ীদের সম্মানিত করা হয়।
রোনালদিনহো মঞ্চে উঠে ঘোষণা করলেন পুরুষদের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। এবারের এই সম্মান উঠেছে উসমান দেম্বেলের হাতে।
দেম্বেলের প্রতিদ্বন্দ্বী ছিলেন লামিন ইয়ামাল। তবে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে “উসমান! উসমান!” ধ্বনির জোয়ার বইছিল। শেষ পর্যন্ত তার হাতেই ওঠে এই পুরস্কার।
ফ্রান্স ও পিএসজির উইঙ্গার দেম্বেলে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রথমবার জিতলেন। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো অসাধারণ সাফল্য তাকে এই সম্মানের যোগ্য দাবিদার করে তুলেছে। এই জয় শুধু দেম্বেলের নয়, প্যারিসের জন্যও উৎসবের মুহূর্ত হয়ে দাঁড়াল।
একসময় ব্যালন ডি’অর মানেই ছিল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর রাজত্ব। গত কয়েক বছরে সে ধারা ভেঙেছে। মেসি-রোনালদোর রাজত্বে দেখা যাচ্ছে নতুন রাজাদের।
এদিকে নারীদের বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের বার্সেলোনা মিডফিল্ডার আইতানা বোনমাতি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো তার হাতে উঠলো এই ট্রফি। মেয়েদের ফুটবলে আর কেউ বোনমাতির মতো তিনবার ব্যালন ডি’অর জেতেনি।